ধরলা পোস্ট ডেস্ক:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য রনজু মিয়া (৪৫) আবারও চুরির অভিযোগে আটক হয়েছেন। রংপুরের পীরগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন তিনি। পরে পুলিশে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার আদালতের মাধ্যমে রনজু মিয়াকে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর এলাকায় অটোরিকশা চুরির সময় তাঁকে আটক করেন স্থানীয়রা।
রনজু মিয়া সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর (কাঁঠাল লক্ষ্মীপুর) গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। তিনি ইদিলপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।
ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জানান, রনজু মিয়ার বিরুদ্ধে সাদুল্লাপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাঁর কর্মকাণ্ডে ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এর আগে চুরির ঘটনায় আটক হওয়ার পর তাঁকে বরখাস্তের আবেদনও করা হয়েছে।
অটোরিকশাচালক আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে নিজের অটোরিকশার কাছে এক অপরিচিত ব্যক্তিকে দেখতে পেয়ে তিনি চিৎকার করেন। পালানোর চেষ্টা করার সময় ওই ব্যক্তি বাড়ির আঙিনায় লাউ ও কুমড়োগাছের বেড়ায় আটকে যান। পরে আশপাশের লোকজন এসে তাঁকে আটক করেন।
ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল হুদা মন্ডল বলেন, ইউপি সদস্য নির্বাচিত হলে চুরি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রনজু মিয়া। সেই আশ্বাসে এলাকাবাসী তাঁকে নির্বাচিত করলেও তাঁর পুরোনো অভ্যাস বদলায়নি বলে অভিযোগ রয়েছে।