ধরলা পোস্ট ডেস্ক:
কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়ি থেকে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বুধবার রাতে নয়ন ফারাজি (২২) ও বাইজিদ সরদার (২০) নামে দুজনকে আসামি করে উলিপুর থানায় মামলাটি দায়ের করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কুড়িগ্রাম সদর হাসপাতালে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ওই কিশোরী বাড়ির পাশের উঠানে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী নয়ন ফারাজি তাঁকে নিজেদের বাড়ি থেকে একটি গ্যাসলাইট নিয়ে আসতে বলেন। সেখানে গেলে আগে থেকে অবস্থান করা বাইজিদ সরদারের বিরুদ্ধে তাঁকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় চিৎকার করলে কিশোরীকে মারধর ও ভয়ভীতি দেখানো হয়। পাশাপাশি বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাঁর পরিবার।
পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান ওই কিশোরী। এরপর পরিবারের পক্ষ থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা শেষে তাঁকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।