ধরলা পোস্ট ডেস্ক:
সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামে আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অনুষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির ঘটে যাওয়া ঘটনার ১৭ দিন আগে তার সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণের চুক্তি হয়েছিল। তবে সাংবাদিকদের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগে চট্টগ্রামের গণমাধ্যমকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
পরে সাংবাদিকদের প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়ে আয়োজক কমিটি অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এর আগে শুক্রবার রাতে পরীমনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর পোস্টার প্রকাশ করে অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। বিষয়টি সামনে আসার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রতিবাদ শুরু হয়।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়োজকরা পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছেন।
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি আয়োজনের কথা রয়েছে।