ধরলা পোস্ট ডেস্ক:
দিনাজপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের প্রধান ফটকের সামনে বিকট শব্দে বিস্ফোরণের মতো একটি ঘটনা ঘটেছে। তবে সেখানে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার কিছু আগে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা দুই ব্যক্তি ককটেলসদৃশ একটি বস্তু বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে দ্রুত সেখান থেকে চলে যান। পরে ‘আওয়ামী লীগ দিনাজপুর’ নামের একটি ফেসবুক আইডি থেকে বিস্ফোরণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় কাছাকাছি একটি পুরোনো কাপড়ের দোকানে ছিলেন প্রত্যক্ষদর্শী সেলিম। তিনি জানান, কালীপূজা উপলক্ষে আশপাশে পটকা ফাটানো হচ্ছিল। রাত ১০টার কিছু আগে বাইরে বিকট শব্দ শুনে প্রথমে তিনি ভেবেছিলেন কোনো বড় গাড়ির টায়ার বিস্ফোরিত হয়েছে।
তবে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম ককটেল বিস্ফোরণের খবর অস্বীকার করেছেন। তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ভুয়া আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। দীপাবলি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার ছিল বলেও জানান তিনি।
ধরলা পোস্ট ডেস্ক