কুড়িগ্রাম প্রতিনিধি:
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে কুড়িগ্রামের ধরলা নদীর তীরে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার সারডোব এলাকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়ে সমবেত হন হাজারো নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষ। ঢাকঢোল আর বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে ধরলার পাড়।
সারডোব যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ১২টি নৌকা অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ‘স্বাধীন বাংলা’ নৌকা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় ‘দশের দোয়া’ এবং তৃতীয় স্থান অধিকার করে ‘পঙ্খীরাজ’।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে একটি গরু, রানার্সআপ দলকে একটি কম্পিউটার মনিটর এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে একটি বাইসাইকেল দেওয়া হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, ইউপি সদস্য ইউনুছ আলীসহ অন্যরা।
নৌকা বাইচ দেখতে শুধু আশপাশের এলাকাই নয়, দূরদূরান্ত থেকেও মানুষ ছুটে আসেন। কেউ রিকশা, অটোরিকশা, সাইকেল ও মোটরসাইকেলে, আবার কেউ পায়ে হেঁটে ধরলার পাড়ে হাজির হন।
স্থানীয় গৃহবধূ শাহিনুর বেগম বলেন, দীর্ঘদিন পর এলাকায় এমন মনোমুগ্ধকর নৌকা বাইচ দেখতে পেরে তারা আনন্দিত। বিশেষ করে শিশুরা প্রতিযোগিতাটি বেশ উপভোগ করেছে।
পাঁচ কিলোমিটার দূরের নজর মামুদ গ্রাম থেকে আসা যুবক রবিউল ইসলাম বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রতিবছর এমন আয়োজন করা প্রয়োজন।
আয়োজন কমিটির আহ্বায়ক একরামুল হক ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম জানান, এ বছর নৌকা বাইচ আয়োজন করে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। মানুষের এই উৎসাহ-উদ্দীপনা দেখে আগামী বছরও প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি মানুষের নির্মল বিনোদনের অন্যতম মাধ্যম। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং সামাজিক সম্প্রীতি বাড়াতে এ ধরনের গ্রামীণ খেলাধুলার আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।