ধরলা পোস্ট ডেস্ক:
রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে অবস্থানরত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বস্তু দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরে দায়িত্ব পালনরত পুলিশের নজরে বস্তু দুটি আনেন। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট স্থান ঘিরে রাখে পুলিশ।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান জ্বালানিমন্ত্রী। এ সময় তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন।
বস্তু দুটি উদ্ধারের বিষয়টি মন্ত্রীকে জানানোর পর নিরাপত্তার কারণে তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তু দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।