ধরলা পোস্ট অনলাইন ডেস্ক :
লালমনিরহাটের আদিতমারীতে দ্রুতগতির ড্রাম ট্রাকের চাপায় পিপলু মিয়া (৪৫) নামে এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আমিনুল ইসলাম (৪০) নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার মমিনের গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিপলু মিয়া উপজেলার ভাদাই ইউনিয়নের কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি ভাদাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আহত আমিনুল ইসলামও একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পিপলু মিয়া ও আমিনুল ইসলাম একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে মমিনের গ্যারেজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিপলু মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর আরোহী আমিনুল ইসলাম। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।