নিজস্ব প্রতিবেদক,ধরলা পোস্ট :
দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম শহরসহ জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে জনজীবনে অস্বস্তি দেখা দিয়েছে। ঝড় বাতাসের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হওয়ায় কৃষকদের ফসল ক্ষতির আশঙ্কায় করতে দেখা গেছে।
শুধু কুড়িগ্রাম শহরেই নয়, রাজারহাট উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে। বিশেষ করে বৃষ্টির সঙ্গে প্রচুর শিলাবৃষ্টি হওয়ায় মাঠের ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে কৃষকদের মধ্যে।
স্থানীয় কৃষকদের আশঙ্কা, শিলাবৃষ্টির কারণে মাঠে থাকা বিভিন্ন ধরনের ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে আগাম শীতকালীন সবজি ও অন্যান্য রবি ফসলের ওপর এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন তাঁরা।
হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় জরুরি প্রয়োজনে বাইরে থাকা মানুষজন ভোগান্তিতে পড়েন। রাতের বেলায় আবহাওয়ার এমন আকস্মিক পরিবর্তনে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দেয়।
এদিকে ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় কী পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মৌসুমের শেষ সময়ে কুড়িগ্রামে তেমন ঝড় হয়নি। তবে মঙ্গলবার রাতে ঝোড়ো বাতাসের সঙ্গে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও হয়েছে। আগামীতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।