ধরলা পোস্ট ডেস্ক:
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির খণ্ডিত ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহটির মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় মানুষের একটি দেহের অংশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি একজন পুরুষের। তবে মাথা, দুই হাত ও দুই পা না থাকায় এবং দীর্ঘ সময় পানিতে থাকার কারণে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত করা হচ্ছে। আশপাশের থানাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের তথ্যও যাচাই করা হচ্ছে।