নিজস্ব প্রতিবেদক,ধরলা পোস্ট :
লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় মোটরসাইকেল ও ৬৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭৭ হাজার ২০০ টাকা।
বুধবার (১১ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’ অভিযানের অংশ হিসেবে দৈখাওয়া ও রামখানা বিওপির আওতাধীন এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ উত্তর আমঝোল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে একটি ভারতীয় মোটরসাইকেল জব্দ করে বিজিবির টহল দল।
একই দিন রাত ১১টা ২০ মিনিটে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা বিওপির দায়িত্বপূর্ণ ক্লিনিক মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৬৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
দুটি অভিযানে জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭৭ হাজার ২০০ টাকা। এসব চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।