নিজস্ব প্রতিবেদক :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর বৈরাগীপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে নাগেশ্বরী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল দেবীপুর বৈরাগীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই গ্রামের বেনু চন্দ্র শীলের (পিতা-মৃত পূর্ণ চন্দ্র শীল) একটি পরিত্যক্ত দোচালা টিনের ঘরের ভেতর থেকে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের রাখাল চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪৩), দেবীপুর সেনপাড়া গ্রামের খিতিন চন্দ্র সেনের ছেলে মিলন চন্দ্র সেন (২৭), দেবীপুর মন্দিরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বিপ্লব মিয়া (২৫) এবং ভবানীপুর হাতিবান্ধা গ্রামের আব্দুল হামিদের ছেলে তৈয়ব আলী (৪৮)।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা করা হয়েছে।
ওসি আরও জানান, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কাজে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।