নিজস্ব প্রতিবেদক :
কুড়িগ্রাম সদরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় রাজু ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ রাজু ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ১২৫ সিসির একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার রাজু ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর থানার বোয়ালদার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ৫০ বোতল ইস্কাফ সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।