ধরলা পোস্ট ডেস্ক:
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে। রাজনীতির ইতিবাচক পরিবর্তন হলে দেশেরও পরিবর্তন সম্ভব। তবে সুষ্ঠু নির্বাচন না হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্পিকার। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা রাষ্ট্রপতির পাশাপাশি তৃণমূল পর্যায়ের একজন রাজনৈতিক কর্মীরও মানুষের উপকার বা ক্ষতি করার ক্ষমতা রয়েছে। তাই রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁদের এগিয়ে আসা জরুরি।
সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এখন আর সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। জনগণ আগের তুলনায় অনেক বেশি সচেতন হওয়ায় নির্বাচনে অনিয়ম করাও কঠিন হয়ে পড়েছে।
তিনি অতীতের নির্বাচনের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ২০১৪ সালের নির্বাচনে ভোট গ্রহণের আগেই ১৫৩ জন নির্বাচিত হয়েছিলেন। এ ধরনের ঘটনা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। পাশাপাশি নির্বাচনে অর্থের প্রভাব কমাতে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে স্পিকার বলেন, সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা ধীরে ধীরে তুলে দিয়ে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বাড়ানো উচিত। রাজনৈতিক দলগুলোকে এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।
দুর্নীতিকে দেশের অন্যতম বড় সমস্যা উল্লেখ করে তিনি সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষায় গঠিত সংসদীয় ককাসের সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। দুর্নীতির অভিযোগ উঠলে দল বা পদ বিবেচনা না করে তা প্রকাশ করার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, কৃষক, শ্রমজীবী মানুষ ও নারীদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিতে চায়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করতে সংসদ সদস্যদের কার্যকর আইন প্রণয়ন, সংসদে তাঁদের সমস্যা তুলে ধরা এবং বাজেটে তাঁদের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদীয় ককাসের প্রধান ও বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। এ সময় জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন দলের মোট ২৫ জন সংসদ সদস্য এই ককাসের সদস্য।