অনিল চন্দ্র রায় :
গাছের সবুজ পাতায় ঠোঁটের নিপুণ ছোঁয়ায় সেলাই করে তৈরি করে ছোট্ট বাসা। প্রকৃতির বুকে এমন অসাধারণ কারুকাজের জন্যই পাখিটির পরিচিতি ‘দর্জি পাখি’ নামে। আকারে ছোট হলেও বাসা তৈরির দক্ষতায় যেন এক অনন্য কারিগর টুনটুনি। একসময় গ্রামবাংলার ঝোপঝাড়, বনজঙ্গল, খেতখামার ও বসতবাড়ির আশপাশে হরহামেশাই দেখা মিলত এই চঞ্চল পাখির। কিন্তু নির্বিচারে বৃক্ষনিধন, ঝোপঝাড় উজাড় ও প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে এখন আর আগের মতো দেখা যায় না টুনটুনি। প্রকৃতির এই ক্ষুদ্র কারিগরের উপস্থিতি ক্রমেই কমে আসছে।
টুনটুনির জীবনযাপন যেমন বৈচিত্র্যময়, তেমনি আকর্ষণীয় এর বাসা তৈরির কৌশল। বাবুই পাখি যেমন প্রকৃতির স্থপতি হিসেবে পরিচিত, তেমনি পাতা সেলাই করে বাসা তৈরির অনন্য বৈশিষ্ট্যের কারণে টুনটুনিকে বলা হয় দর্জি পাখি। ঠোঁটের সাহায্যে গাছের এক বা একাধিক পাতা সেলাই করে তৈরি করে বাসার কাঠামো। এরপর তুলা, সুতা, মাকড়সার জাল, লতাপাতা, পশুর লেজের চুল ও পাখির পালক দিয়ে সাজিয়ে তোলে নিরাপদ আশ্রয়। স্ত্রী ও পুরুষ পাখি মিলেমিশে সাধারণত চার থেকে পাঁচ দিনে তৈরি করে একটি বাসা।
পাতার ভাঁজে নিরাপদ আশ্রয়,
ঝোপঝাড় ও ছোট-বড় গাছের পাতায় বাসা বাঁধতে পছন্দ করে টুনটুনি। খোকশা, লেবু, ডুমুর, সূর্যমুখী ও কাঠবাদামসহ বিভিন্ন গাছে এদের বাসা দেখা যায়। তবে খোকশা গাছের পাতায় বাসা তৈরিতে এদের বিশেষ আগ্রহ রয়েছে। পাতার ভাঁজে সেলাই করা বাসা বাইরে থেকে সহজে চোখে পড়ে না। ফলে শিকারি প্রাণীর হাত থেকে ডিম ও বাচ্চাদের রক্ষা করতে সুবিধা হয়।
চঞ্চল স্বভাবের এই পাখি এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়ায়। মুহূর্তেই উড়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়। লেজ নেড়ে মিষ্টি অথচ তীক্ষ্ণ স্বরে ডাকাডাকি করে। ছোট্ট শরীরের এই পাখির ডাক দূর থেকেও শোনা যায়। মানুষের বসতবাড়ির আশপাশে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে টুনটুনি।
অঞ্চলভেদে পাখিটি বিভিন্ন নামে পরিচিত। কোথাও টুনি, কোথাও মধুচুষকি, দুগাটুনটুনি, বেগুন টুনটুনি, মৌটুসি, নীলটুনটুনি কিংবা দর্জি পাখি নামে ডাকা হয়।
ডিম ও বাচ্চার নিরাপত্তায় সতর্ক অভিভাবক
প্রজনন মৌসুমে টুনটুনি সাধারণত চার থেকে পাঁচটি ডিম দেয়। স্ত্রী ও পুরুষ পাখি মিলে ডিমে তা দেওয়া এবং বাচ্চাদের পরিচর্যা করে। বছরে একাধিকবার প্রজনন করে এরা। বাসার আশপাশে কোনো বিপদ বা শত্রুর উপস্থিতি টের পেলে দুজনই একসঙ্গে ডাকাডাকি ও উড়াউড়ি করে সতর্ক করে দেয়। ডিম ও বাচ্চাদের নিরাপত্তায় থাকে তাদের সার্বক্ষণিক সতর্কতা।
তবে প্রকৃতির বিরূপ আচরণও অনেক সময় এদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ঝড়-বৃষ্টি কিংবা প্রবল বাতাসে গাছের পাতা ছিঁড়ে পড়লে নষ্ট হয়ে যেতে পারে ডিম ও বাচ্চা। এতে প্রজনন মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে পাখিটি।
পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ,
শুধু সৌন্দর্য কিংবা মিষ্টি ডাক নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও রয়েছে টুনটুনির ভূমিকা। ফুলের মধু আহরণের সময় এক ফুল থেকে অন্য ফুলে যাতায়াতের মাধ্যমে পরাগায়নে সহায়তা করে। পাশাপাশি বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের উপকার করে। ফলে কৃষি ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও ভূমিকা রাখে এই পাখি।
একসময় গ্রামের শিশু-কিশোরদের কাছে টুনটুনির বাসা ছিল বিশেষ কৌতূহলের বিষয়। গাছের পাতার ভাঁজে লুকিয়ে থাকা সুনিপুণ বাসা দেখতে অনেকেই আগ্রহী হয়ে উঠত। তবে অসচেতনতার কারণে অনেক সময় শিশুরা বাসা থেকে ডিম কিংবা বাচ্চা নষ্ট করত। বর্তমানে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পাখির নিরাপদ আবাসস্থল সংরক্ষণও জরুরি হয়ে উঠেছে।
আবাসস্থল সংকটে কমছে টুনটুনির আনাগোনা
নির্বিচারে গাছপালা কাটা, বসতবাড়ি ও কৃষিজমি সম্প্রসারণের জন্য ঝোপঝাড় পরিষ্কার এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে টুনটুনির নিরাপদ আশ্রয় ক্রমেই সংকুচিত হচ্ছে। বাসা তৈরির উপযোগী গাছপালা কমে যাওয়ায় প্রজনন ও বংশবিস্তারে বাধার মুখে পড়ছে পাখিটি। ফলে আগের মতো টুনটুনির বাসা কিংবা পাখির আনাগোনা এখন আর তেমন চোখে পড়ে না।
তবে সম্প্রতি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধরলা নদীর চরাঞ্চলে একটি গাছের মগডালে বসে থাকতে দেখা গেছে একটি টুনটুনি পাখি। চরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশে পাখিটির এমন উপস্থিতি প্রকৃতিপ্রেমীদের মনে কিছুটা আশার সঞ্চার করেছে।
পাখিপ্রেমী ও কৃষিবিদ সিদ্দিকুর রহমান শাহিন জানান, আগের তুলনায় টুনটুনি পাখির দেখা অনেক কমে গেছে। শুধু টুনটুনি নয়, এর বেশ কয়েকটি প্রজাতির পাখিও এখন অনেকটা কমে গেছে। তবে নদীর তীরবর্তী এলাকায় মাঝেমধ্যে এদের দেখা মেলে। পাখিদের নিরাপদ আবাসস্থল ফিরিয়ে আনতে বেশি বেশি গাছ লাগানো এবং ঝোপঝাড় সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রকৃতির এই ক্ষুদ্র অথচ নিপুণ কারিগরকে টিকিয়ে রাখতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। নির্বিচারে বৃক্ষনিধন বন্ধ, ঝোপঝাড় ও প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং পাখির বাসা, ডিম ও বাচ্চার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশু-কিশোরদের মধ্যে পাখি ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতা বাড়ানো জরুরি।
প্রকৃতির পাতায় পাতায় সেলাই করা টুনটুনির ছোট্ট বাসা শুধু একটি আশ্রয় নয়, এটি প্রকৃতির অপার সৌন্দর্য ও জীববৈচিত্র্যের এক অনন্য নিদর্শন। এই নিপুণ কারিগরকে হারিয়ে যেতে না দিতে এখনই সচেতন হওয়া প্রয়োজন। তা না হলে একসময় গ্রামবাংলার পরিচিত দর্জি পাখি টুনটুনি হয়তো হারিয়ে যাবে আমাদের চেনা প্রকৃতি থেকে, রয়ে যাবে কেবল স্মৃতির পাতায়।