ধরলা পোস্ট ডেস্ক:
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে ঘটনাস্থল পরিদর্শনের মধ্য দিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন কমিটির সদস্যরা।
সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। এ সময় বাড়ির বাসিন্দা শাহ আলম ও নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের সঙ্গে কথা বলে ঘটনার বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তারা।
তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়া জেলা স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম জানান, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর মোহাম্মদ আশরাফুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
সংশ্লিষ্টরা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এর পেছনে কী কী কারণ থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এর আগে গত বুধবার গভীর রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়েছে।