বরিশাল প্রতিনিধি, ধরলা পোস্ট: নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদে সংরক্ষিত আসন নয়, বরং সরাসরি ভোটে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ ও ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার।
বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্পিকার তাঁর বক্তব্যে উল্লেখ করেন, নারীরা দেশের কোনো খাতেই পিছিয়ে নেই। তাই তাঁদের রাজনীতিতে প্রতিনিধিত্ব বাড়াতে ও প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে সরাসরি রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে বিদ্যালয়টির অবদানের কথা স্মরণ করে বলেন, “বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ এটি ছিল মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয়।”
অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে নিজের স্কুলজীবনের স্মৃতিচারণা করে বরিশাল জিলা স্কুলের প্রাক্তন ছাত্র স্পিকার আরও বলেন, “মানুষের শিকড়ের টান অপ্রতিরোধ্য। স্কুলজীবনের মধুর স্মৃতি কেউ কোনোদিন ভুলতে পারে না। এই ঐতিহ্যবাহী বিদ্যালয় থেকে বহু কৃতী শিক্ষার্থী বের হয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখছেন। বিদ্যালয় প্রাঙ্গণ তাঁদের অনেক কিছু দিয়েছে, এবার প্রাক্তনদেরও প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ব পালনের পালা।” এ সময় অর্থাভাবে যেসব মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে, তাদের পাশে দাঁড়াতে বিত্তবান প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে প্রবীণ নেতা হাফিজ উদ্দিন আহমদ নারীশিক্ষার অগ্রযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বৈপ্লবিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে মেয়েদের জন্য এসএসসি (১০ম শ্রেণি) পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ তৈরি করে দিয়েছিলেন, যা নারীশিক্ষার প্রসারে এক নতুন দিগন্ত সূচনা করেছিল।”
তিনি আরও জানান, এই ধারাবাহিকতা বজায় রেখে দেশের নারীদের স্নাতক (বিএ) পর্যায় পর্যন্ত সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ সম্প্রসারিত করার বিষয়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই আলোচনা ও পরামর্শ করবেন।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষকমণ্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।