পোস্ট ডেস্ক:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুর প্রায় ১৮ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন বড় ভাই। পরপর দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার গোলবুনিয়া গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ভাই হলেন মৃত নজর আলী তালুকদারের ছেলে আব্দুল হাকিম তালুকদার (৮০) ও আব্দুল আজিজ তালুকদার (৮২)।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক ফরাজী জানান, ছোট ভাই আব্দুল হাকিম তালুকদার বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে নিজ বাড়িতে মারা যান। শুক্রবার জানাজা শেষে তাকে পারিবারিকভাবে দাফন করা হয়।
এর প্রায় ১৮ ঘণ্টা পর বড় ভাই আব্দুল আজিজ তালুকদারও আকস্মিকভাবে মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে নুরুজ্জামান তালুকদার।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় শরণখোলা উপজেলা মডেল মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অল্প সময়ের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।