নুরনবী সরকার :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহাত্মা ফকির লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে বসছে সাধু, গুরু, ভক্ত ও লালন অনুসারীদের মিলনমেলা। এ উপলক্ষে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) উপজেলার শিমুলবাড়ি লালন আখড়া বাড়িতে অনুষ্ঠিত হবে দিনব্যাপী সাধুসঙ্গ ও ভাবসংগীতানুষ্ঠান। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-ভক্তদের আগমনে মুখর হয়ে উঠতে শুরু করেছে আখড়াবাড়ি। তাঁদের আগমন ঘিরে সেখানে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
আয়োজক সূত্রে জানা গেছে, তিরোধান দিবসের আয়োজনকে কেন্দ্র করে দুই দিন আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে সাধু, গুরু ও লালনভক্তরা আসতে শুরু করেছেন। দিনভর চলবে তাঁদের পারস্পরিক ভাববিনিময়, সাধুসঙ্গ ও আধ্যাত্মিক আলোচনা। সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। বাউলশিল্পীদের কণ্ঠে লালন সাঁইজির কালজয়ী গান ও ভাবসংগীতের মধ্য দিয়ে রাতভর মুখর থাকবে আখড়াবাড়ির পরিবেশ।
অনুষ্ঠানকে ঘিরে আখড়াবাড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অতিথি ও সাধু-ভক্তদের বরণ, আপ্যায়ন, মঞ্চ প্রস্তুতিসহ সার্বিক আয়োজন সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। দূরদূরান্ত থেকে আসা লালন অনুসারীরা বলছেন, কোনো আনুষ্ঠানিকতার টানে নয়, বরং লালন সাঁইজির মানবতাবাদী দর্শন, সাম্য ও প্রেমের বাণীর প্রতি গভীর ভালোবাসা থেকেই তাঁরা এই মিলনমেলায় ছুটে এসেছেন।
আয়োজকদের প্রত্যাশা, এবারের আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-গুরু, বাউলশিল্পী, লালনভক্ত ও সংগীতপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটবে। গান, সাধুসঙ্গ ও ভাববিনিময়ের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে লালন সাঁইজির অসাম্প্রদায়িক চেতনা, মানবপ্রেম, জীবনদর্শন ও আধ্যাত্মিক ভাবধারা তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
লালন সাঁইজির অমর বাণী ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ ধারণ করে জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষের প্রতি ভালোবাসা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যয় নিয়ে এ আয়োজন করা হয়েছে। আয়োজকেরা সাধু-ভক্ত, বাউলশিল্পী, লালন অনুসারীসহ সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
শিমুলবাড়ী লালন আখড়া বাড়ির প্রতিষ্ঠাতা সাধু ছালেক শাহ বলেন, “লালন সাঁইজির দর্শন কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর দর্শনের মূল কথাই হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো এবং সব ধরনের ভেদাভেদ ভুলে মানবতার চর্চা করা। আমরা এই আয়োজনের মধ্য দিয়ে তাঁর অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, গুরু, ভক্ত ও লালন অনুসারীরা আসছেন। তাঁদের পদচারণায় আখড়াবাড়ি প্রাণবন্ত হয়ে উঠেছে। আমাদের প্রত্যাশা, সবাই মিলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনে একটি সুন্দর মানবিক সমাজ গড়ে তুলব। এ আয়োজনে সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
জয় হোক মানুষের, জয় হোক মানবতার।