বিপুল মিয়া বেলাল ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৯ বোতল স্কাফসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের উত্তর বিদ্যাবাগীশ গ্রামে তাঁদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তর বিদ্যাবাগীশ গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে সুমন মিয়া (২২) ও অমিত হাসান (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উত্তর বিদ্যাবাগীশ গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই দুই যুবকের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৭৯ বোতল স্কাফ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে তাঁদের আটক করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।