অনিল চন্দ্র রায়, ধরলা পোস্ট :
সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুটি অভিযানে ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৩৩৪ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৩০ হাজার ১০০ টাকা।
রোববার (১৫ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৫ নভেম্বর খানপুর ও আমড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে দিনাজপুর সদর থানার স্বরসতিপুর এলাকায় খানপুর বিওপির অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (অ্যালপ্রাজোলাম ০.৫) জব্দ করা হয়। অন্যদিকে, কুড়িগ্রামের ফুলবাড়ী থানার জঙ্গলপাড়া এলাকায় আমড়া বিওপির অভিযানে ৩৩৪ বোতল বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
দুটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ৩০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ২৯ বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।