রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কঠোর অধ্যবসায়, একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ডিগ্রি কলেজের শিক্ষার্থী মোছা. তানজিনা আক্তার। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ (গোল্ডেন নয়) অর্জন করে নিজের মেধার স্বাক্ষর রেখেছে সে। তার এ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকাবাসী।
তানজিনা উপজেলার গোলাবাড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা মো. তাসাওয়াৎ হোসেন এবং মা মোছা. জেসমিন আরা বেগম। পরিবারের স্নেহ, সহযোগিতা ও শিক্ষকদের দিকনির্দেশনায় নিয়মিত পড়াশোনা করে সে এ কৃতিত্ব অর্জন করেছে।
তানজিনার এমন সাফল্যে কলেজের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। শিক্ষকরা জানান, তানজিনার নিয়মিত পড়াশোনা, একাগ্রতা ও কঠোর পরিশ্রমই তাকে এ সাফল্য এনে দিয়েছে। তার এ অর্জন প্রতিষ্ঠানের জন্য যেমন গৌরবের, তেমনি এলাকার অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার।
তানজিনার পরিবার জানায়, মেয়ের এ সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার ভবিষ্যৎ শিক্ষাজীবন আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক—এটাই তাদের প্রত্যাশা।
প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম থেকে উঠে এসে তানজিনার এ অর্জন প্রমাণ করে, আন্তরিক প্রচেষ্টা ও অধ্যবসায় থাকলে সাফল্য অর্জন সম্ভব। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে চায় সে।
তানজিনার এ সাফল্যে যাদুরচর ডিগ্রি কলেজের সুনাম আরও উজ্জ্বল হয়েছে। তার আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা শিক্ষক, পরিবার ও এলাকাবাসীর।