ধরলা পোস্ট ডেস্ক:
কুড়িগ্রামে নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেছেন মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নিকাহ রেজিস্ট্রাররা।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার সমিতি ঐক্য পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের কাজীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখা না হলে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত কার্যক্রম ও আয়ের সুযোগ সংকুচিত হয়ে পড়বে। একটি ইউনিয়নে বিয়ে নিবন্ধনের মাধ্যমে যে আয় হয়, তা দিয়ে সংসার চালানোই অনেক ক্ষেত্রে কঠিন। এর মধ্যে একই ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে আর্থিক সংকট আরও বাড়বে।
আন্দোলনকারীরা জানান, নিয়োগকালীন অধিক্ষেত্র অক্ষুণ্ণ রাখার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তাঁরা। এ কর্মসূচির কারণে জেলার বিবাহ নিবন্ধন কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলেও উল্লেখ করেন আন্দোলনকারীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কাজী মাওলানা নুরুজ্জামান, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোশাররফ হোসেন, সহসাধারণ সম্পাদক কাজী মাওলানা জাহিদুল ইসলাম জুয়েল এবং কোষাধ্যক্ষ কাজী মাওলানা আব্দুল খালেক খন্দকারসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।