নিজস্ব প্রতিবেদক :
দিনাজপুরে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৭০০ বোতল বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। জব্দকৃত এসব মালামালের সিজার মূল্য ৭ লাখ ৫ হাজার টাকা।
সোমবার (১৬ নভেম্বর) ২৯ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ নভেম্বর রাতে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ খানপুর বিওপি এবং বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানগুলো দিনাজপুর জেলার কোতোয়ালি থানার খুদিয়ারপাড়া এবং বিরামপুর থানার রেলগেট ও মণ্ডপের মোড় এলাকায় পরিচালিত হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় খানপুর বিওপির সদস্যরা ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (আলপ্রাজোলাম ০.৫) জব্দ করেন। একই সঙ্গে বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা ৭০০ বোতল বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেন।
সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫ হাজার টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ২৯ বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।