নিজস্ব প্রতিবেদক :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রাত্রিকালীন হা-ডু-ডু টুর্নামেন্ট–২০২৬। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। টুর্নামেন্টে স্থানীয় দর্শকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পাইকেরছড়া ইউনিয়ন সুধী সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব এবং ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম।
এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা একসময় ছিল গ্রামীণ জনপদের অন্যতম প্রধান বিনোদনের মাধ্যম। আধুনিক বিনোদনের বিস্তারে এ ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন কমে গেলেও রাত্রিকালীন এই টুর্নামেন্ট নতুন করে স্থানীয় মানুষের মধ্যে খেলাধুলার আগ্রহ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
আয়োজকরা মনে করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলাধুলা হোক সম্প্রীতির বন্ধন, বেঁচে থাকুক গ্রামবাংলার ঐতিহ্য এমন প্রত্যাশার মধ্য দিয়ে আয়োজনটি স্থানীয়দের কাছে বিশেষ গুরুত্ব পায়।