ধরলা পোস্ট ডেস্ক:
মাদারীপুরের কালকিনিতে বিয়ের দাবিতে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি নামে আরেক তরুণ। মঙ্গলবার (১৭ নভেম্বর) একসঙ্গে থাকার দাবিতে তিনি ওই বাড়িতে অবস্থান নেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবদ্বীপ চন্দ্র দাশ কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অন্যদিকে মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।
দুজনের বক্তব্য অনুযায়ী, টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরবর্তী সময়ে সেই পরিচয় থেকে ভালো লাগা এবং প্রেমের সম্পর্ক তৈরি হয়। বর্তমানে তারা একসঙ্গে থাকতে ও বিয়ে করতে চান বলে জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, এর আগেও মাহিন দুইবার নবদ্বীপের বাড়িতে এসেছিলেন। এবার বিয়ের দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন তিনি।
বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু জানান, ঘটনাটি তাঁর পাশের বাড়ির। বিষয়টি জানার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছেন। পাশাপাশি তরুণের পরিবারকেও বিষয়টি জানানো হয়েছে।