দূর্জয় রায়,লালমনিরহাট থেকে :
দীর্ঘদিনের অপেক্ষা, নদীভাঙনের ক্ষত আর হারানো জমি ফিরে পাওয়ার স্বপ্ন—সব মিলিয়ে নতুন প্রত্যাশায় বুক বাঁধছেন তিস্তাপাড়ের মানুষ। আগামী ১৯ নভেম্বর তিস্তাবেষ্টিত জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন লালমনিরহাট সদর উপজেলার মণ্ডলেরহাট এলাকায় একটি ‘মডেল খাল’ উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নদীপাড়ের মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এবার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যেতে পারে রংপুর অঞ্চলের পাঁচ জেলার চিত্র। লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার কৃষি, অর্থনীতি, কর্মসংস্থান এবং যোগাযোগব্যবস্থায় আসতে পারে নতুন সম্ভাবনা। নদীভাঙন রোধ, শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসন, বন্যা নিয়ন্ত্রণ এবং নদীবক্ষে জেগে ওঠা বালুচরকে কৃষিজমিতে রূপান্তরের স্বপ্ন দেখছেন তিস্তাপাড়ের মানুষ।
লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডার কৃষক কাসেম আলীর (৬০) জীবন যেন তিস্তার ভাঙন আর মানুষের অসহায়ত্বের এক বাস্তব চিত্র। একসময় তাঁর ১৬ বিঘা আবাদি জমি ছিল। কিন্তু তিস্তার ভাঙনে সেই জমির পুরোটাই নদীগর্ভে বিলীন হয়েছে। এখন নদীর বুকে চর জাগলে সেখানে কিছু জমিতে ফসল ফলানোর চেষ্টা করেন তিনি। তবে সেচের পানির অভাবে অনেক সময় কাঙ্ক্ষিত ফলন পান না। শুষ্ক মৌসুমে তিস্তা প্রায় পানিশূন্য হয়ে পড়লে বিস্তীর্ণ এলাকাজুড়ে সৃষ্টি হয় ধু-ধু বালুচর।
কাসেম আলীর বিশ্বাস, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর বুক থেকে তাঁর হারানো ১০ থেকে ১২ বিঘা জমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। সেখানে আবারও স্থায়ীভাবে চাষাবাদ করতে পারবেন তিনি। এতে পরিবারের জীবিকার পাশাপাশি ফিরে আসতে পারে তাঁর হারানো কৃষিজমিও।
কাসেম আলী বলেন, ‘কয়েক বছর ধরে শুধু শুনে আসছি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, নদী ফিরে পাবে তার হারানো অতীত। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি। বিভিন্ন সময়ে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এবার আমাদের এলাকায় আসছেন। আমরা আশা করছি, তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। এটাই তিস্তাপাড়ের মানুষের দাবি।’
একই উপজেলার চর কালমাটি এলাকার কৃষক আব্দুল গনির (৭০) জীবনেও তিস্তা কেড়ে নিয়েছে সর্বস্ব। নদীভাঙনে তাঁর বসতভিটা ও ২১ বিঘা আবাদি জমি বালুচরে পরিণত হয়েছে। সব হারিয়ে এখন সমতল এলাকার এক আত্মীয়ের জমিতে ঘর তুলে বসবাস করছেন তিনি। বালুচরে তেমন ফসলও ফলাতে পারেন না। কোথাও পলি জমে কিছুটা উর্বরতা ফিরে এলে সেখানে সামান্য চাষাবাদ করেন।
বয়সের ভারে নুয়ে পড়া আব্দুল গনির এখন একটাই প্রত্যাশা—জীবনের শেষ সময়ে হলেও যেন নিজের জমিতে আবার চাষাবাদ করতে পারেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তাঁর হারানো জমির কিছু অংশ ফিরে পাওয়ার স্বপ্ন দেখেন তিনি। তবে কবে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে, তা জানেন না এই কৃষক।
আব্দুল গনি বলেন, ‘তিস্তাপাড়ের মানুষের কষ্ট সবাই বুঝতে পারেন না। যাঁদের বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে, তাঁরাই শুধু এই বেদনা অনুভব করতে পারবেন। একসময় আমাদের পরিবার সচ্ছল ছিল। নদীভাঙনে সবকিছু হারিয়ে এখন দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। তিস্তা আমাদের সব কেড়ে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের এলাকায় আসছেন। আমরা আশাবাদী, তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এবার এর বাস্তবায়নে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন—এটাই আমাদের প্রত্যাশা।’
শুধু লালমনিরহাট নয়, তিস্তার ভাঙন ও পানির সংকটে বিপর্যস্ত রংপুরের নদীপাড়ের মানুষের প্রত্যাশাও একই। রংপুরের কাউনিয়া উপজেলার চর টেপামধুপুর গ্রামের কৃষক আব্দুল জলিলের (৬৫) মতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে প্রায় এক যুগ ধরে আন্দোলন করে আসছেন নদীপাড়ের মানুষ। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁরা আশ্বাসের বাইরে তেমন কিছু পাননি।
আব্দুল জলিল বলেন, ‘বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ সম্পর্কে অবগত এবং এ বিষয়ে আন্তরিক। আমরা বিশ্বাস করি, তিনি এবার মহাপরিকল্পনা বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করবেন। এটি নদীপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি।’
তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর বুক থেকে বিপুল পরিমাণ জমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। এসব জমিতে চাষাবাদ করে আমরা জীবিকা নির্বাহ করতে পারব। নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, এলাকার অর্থনীতি চাঙা হবে। একই সঙ্গে তিস্তা নদীও ফিরে পাবে তার হারানো রূপ।’
এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক মানের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, এ সমীক্ষা পরিচালনার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে ২৩ কোটি টাকার একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
প্রস্তাবিত সমীক্ষার মাধ্যমে মহাপরিকল্পনার কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত দিকগুলো বিস্তারিতভাবে মূল্যায়ন করা হবে। আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের মাধ্যমে তিস্তার পানিপ্রবাহ ও জলবিদ্যাগত বৈশিষ্ট্য, নদীর গতিপ্রকৃতি ও গঠনগত পরিবর্তন, পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব এবং সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে। এর ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা, প্রয়োজনীয় অবকাঠামো এবং দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যাবে। শিগগিরই মাঠপর্যায়ে এই মূল্যায়ন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
তবে নতুন করে সমীক্ষার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও শুধু সমীক্ষা কিংবা প্রতিশ্রুতির মধ্যে মহাপরিকল্পনা সীমাবদ্ধ থাকুক, তা চান না দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা সংগঠনগুলোর নেতারা। তাঁদের দাবি, দ্রুত প্রকল্পের অর্থায়ন, বাস্তবায়নের সময়সীমা ও প্রশাসনিক কাঠামো নির্ধারণ করে দৃশ্যমান কার্যক্রম শুরু করতে হবে।
‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তাঁরা সরকারের কাছে ছয় দফা প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে—জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) মহাপরিকল্পনার বাজেট অনুমোদন, দ্রুত বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণা, তিস্তা কর্তৃপক্ষ গঠন, তিস্তা বন্ড চালু, নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ এবং তিস্তার সঙ্গে যুক্ত ২২টি শাখা নদী পুনরুজ্জীবিত করা।
তিনি বলেন, ‘১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসছেন। এ সফরকে ঘিরে আমরা আশায় বুক বেঁধেছি। আমাদের প্রত্যাশা, তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের একটি রোডম্যাপ ঘোষণা করবেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তিস্তাপাড়ের হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন। তাঁদের সবার চাওয়া, এবার যেন শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের সুস্পষ্ট উদ্যোগের ঘোষণা আসে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে তিস্তাপাড়ের বিভিন্ন স্থানে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছেন নদীপাড়ের মানুষ। প্রধানমন্ত্রীর এবারের সফর থেকে দীর্ঘদিনের অপেক্ষার অবসানের সূচনা হবে বলে তাঁরা আশা করছেন।
তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রতিশ্রুতি শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। এখন আর শুধু প্রতিশ্রুতি শুনতে চাই না, বাস্তবায়ন দেখতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা, তিনি এবার মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। তা না হলে দীর্ঘদিনের অপেক্ষা ও প্রত্যাশার পর তিস্তাপাড়ের মানুষের মধ্যে আবারও হতাশা তৈরি হবে।’
তিস্তাপাড়ের মানুষের কাছে তাই ১৯ নভেম্বরের এই সফর কেবল প্রধানমন্ত্রীর একটি আনুষ্ঠানিক সফর নয়; এটি দীর্ঘদিনের বঞ্চনা, হারানো সম্পদ ফিরে পাওয়ার স্বপ্ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সম্ভাবনাময় জনপদ গড়ে ওঠার প্রত্যাশার সঙ্গে জড়িয়ে আছে। এখন তাঁদের অপেক্ষা—প্রতিশ্রুতির গণ্ডি পেরিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কী ঘোষণা আসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।