ধরলা পোস্ট ডেস্ক:
যশোরের ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় সন্তান ছয় বিষয়ে অকৃতকার্য হওয়াকে কেন্দ্র করে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রধান শিক্ষকের নাম ব্রাদার সঞ্জয় মাথিয়াস রোজারিও।
বিদ্যালয় ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ইউনুস আলীর সন্তান ছয়টি বিষয়ে অকৃতকার্য হয়। নিয়ম অনুযায়ী, ওই শিক্ষার্থীর আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না থাকার বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন তার বাবা।
অভিযোগ রয়েছে, এরপর তিনি প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে কোনো কথা না বলেই তাকে চড়থাপ্পড় মারেন। এ সময় বিদ্যালয়ের অন্য শিক্ষকরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে প্রধান শিক্ষককে তার কক্ষে বসে থাকা অবস্থায় এক ব্যক্তিকে প্রবেশ করে মারধর করতে দেখা যায়। পরবর্তী সময়ে ওই ব্যক্তির স্ত্রী এবং নয়ন নামের আরেকজনকেও কক্ষে প্রবেশ করতে দেখা যায়।
এ ঘটনায় প্রধান শিক্ষক ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইউনুস আলীকে আটক করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের ভিত্তিতে ইউনুস আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করে বুধবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।