ধরলা পোস্ট ডেস্ক:
নারী নেতৃত্ব ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আন্তর্জাতিক নারী পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন কুড়িগ্রামের কৃতী সন্তান রেহানা পারভীন। তিনি সাবেক জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক।
রাজধানীর রেডিসন ব্লু হোটেলে Arena for Global Engagement (AGE) Limited আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
কুড়িগ্রামে জন্ম ও বেড়ে ওঠা রেহানা পারভীনের খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হয় শৈশব থেকেই। তিনি কুড়িগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে নিয়মিত অনুশীলন করতেন কুড়িগ্রাম স্টেডিয়ামে। তবে নারী হিসেবে খেলাধুলায় এগিয়ে যেতে তাঁকে সামাজিক প্রতিবন্ধকতা ও নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে।
২০০৬ সালে প্রথম আন্তঃজেলা নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ঢাকা জেলার হয়ে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তাঁর যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ফুটবলের পাশাপাশি কাবাডি ও হ্যান্ডবল খেলাতেও জাতীয় পর্যায়ে অংশ নেন তিনি। তিনটি খেলায় জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা থেকে রেহানা পারভীন উপলব্ধি করেছেন, প্রতিভা থাকা সত্ত্বেও পর্যাপ্ত সুযোগ ও সহযোগিতার অভাবে অনেক মেয়ের ক্রীড়াবিদ হওয়ার স্বপ্ন পূরণ হয় না। এ কারণে নিজের অর্জনের পাশাপাশি নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করতে কাজ করছেন তিনি।
পুরস্কার গ্রহণের পর রেহানা পারভীন বলেন, “এই সম্মান আমার একার নয়, এটি বাংলাদেশের সব নারী খেলোয়াড়ের। শুধু ফুটবল নয়, প্রতিটি খেলায় নারীরা এগিয়ে আসুক—এটাই আমি চাই। আমার এই অর্জন দেখে গ্রামের একটি মেয়েও যেন খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখে।”
কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুশীলন দিয়ে যে স্বপ্নের সূচনা হয়েছিল, সেই স্বপ্নের পথ ধরে এবার আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পেলেন রেহানা পারভীন। তাঁর এ অর্জন কুড়িগ্রামের ক্রীড়াঙ্গনসহ দেশের নারী খেলোয়াড়দের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।