নিজস্ব প্রতিবেদক,ধরলা পোস্ট :
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম লালমনিরহাট সফরকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো জেলাজুড়ে। তাঁকে বরণ করে নিতে শহর থেকে গ্রাম—সবখানেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রঙিন পতাকা, ব্যানার, আলোকসজ্জা আর নানা নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে নতুন সাজে সেজেছে লালমনিরহাট শহর। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বুধবার (১৮ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীর সম্ভাব্য যাতায়াতের পথসহ গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। শহরের কালেক্টরেট মাঠ থেকে মণ্ডলেরহাট পর্যন্ত সড়কের দুই পাশে শোভা পাচ্ছে রঙিন পতাকা ও ব্যানার। মিশন মোড় এলাকায় নতুন রূপে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন ‘আলোকিত স্তম্ভ’। রাতের আলোয় স্তম্ভটি শহরের সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বাঁশ ও কাঠের নান্দনিক কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ।
প্রধানমন্ত্রীকে পথে পথে স্বাগত জানাতে প্রস্তুত করা হয়েছে প্রায় সাতটি সাংস্কৃতিক অভ্যর্থনা স্পট। এর মধ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সংলগ্ন এলাকা, চিনিপাড়া ও মহেন্দ্রনগর বাজার অন্যতম।
এসব স্থানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাওয়াইয়া গান, লোকনৃত্যসহ উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করে নেবেন।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ বিমানবাহিনীর লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে তিনি সরাসরি এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত দেশের প্রথম ‘অ্যারোজিনিয়াস’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গোগুন্ডা এলাকার মণ্ডলেরহাট বাজার পরিদর্শন করবেন। সেখানে মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন, খালে মাছ অবমুক্ত ও হাঁস ছাড়ার কর্মসূচিতে অংশ নেবেন। পরে স্থানীয় একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
দিনের কর্মসূচির পরবর্তী অংশে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেলে শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই শপথ গ্রহণ সমাবেশে প্রায় ১৫ হাজার নিবন্ধিত স্বেচ্ছাসেবীর অংশ নেওয়ার কথা রয়েছে। এতে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর সফর সফল করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা, অভ্যর্থনা, জনসভা ও সাংস্কৃতিক আয়োজনসহ সবকিছুতেই নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
দিনব্যাপী কর্মসূচি শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলাবাসীর প্রত্যাশাও অনেক। উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক পরিবর্তনের নানা প্রত্যাশা নিয়ে তাঁর আগমনের অপেক্ষায় রয়েছেন স্থানীয় মানুষ।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে লালমনিরহাট এখন উৎসবের নগরী। বর্ণিল সাজ, সাংস্কৃতিক আয়োজন আর মানুষের উচ্ছ্বাসে পুরো জেলাজুড়ে তৈরি হয়েছে এক আনন্দঘন পরিবেশ। এখন অপেক্ষা শুধু প্রধানমন্ত্রীর পদধূলিতে মুখর হয়ে ওঠার। তাঁর এই সফর লালমনিরহাটের উন্নয়ন ও অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।