ধরলা পোস্ট ডেস্ক:
ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা ৩২ ঘণ্টার বৃষ্টিতে যশোরের শার্শা উপজেলার কৃষি খাতে দেখা দিয়েছে উদ্বেগ। অবিরাম বৃষ্টিতে উপজেলার বিভিন্ন মাঠে পানি জমে তলিয়ে গেছে আমন ধান, রবি শস্য ও শীতকালীন সবজির খেত। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
বিশেষ করে পাকা আমন ধান ঘরে তুলতে না পারায় বিপাকে পড়েছেন চাষিরা। অনেক জমিতে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে গেছে। আবার কিছু জমির পাকা ধান এখনো কাটার অপেক্ষায় রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে নিচু জমিগুলোতে পানি জমেছে। কোথাও কোথাও ধান, রবি শস্য ও সবজির খেত পানির নিচে তলিয়ে গেছে।
শীতকালীন সবজি চাষ নিয়েও উদ্বেগ বাড়ছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজির জমিতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাওয়া এবং ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৩২ ঘণ্টায় শার্শা উপজেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপজেলার সব এলাকায় পানি না জমলেও নিম্নাঞ্চলের কিছু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাঠে কেটে রাখা আমন ধান, নিচু জমির সবজি এবং উঁচু জমিতে আবাদ করা রবি শস্য ঝুঁকির মুখে পড়েছে।
উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের কৃষক মিন্টু রহমান বলেন, জমির ধান কেটে মাঠে রেখেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে সেই ধান এখন পানির নিচে। রোদ উঠলেও জমির পানি শুকাতে প্রায় ১৫ দিন সময় লাগতে পারে। এতে ধান পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বড় ধরনের লোকসানে পড়তে হবে বলে জানান তিনি।
নাভারণ এলাকার কৃষক আমির হোসেন জানান, তিনি দুই বিঘা জমিতে বাঁধাকপি এবং সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছেন। বৃষ্টিতে দুই ধরনের ফসলের জমিতেই পানি জমেছে। দীর্ঘসময় পানি জমে থাকলে বাঁধাকপির গাছ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সময়মতো সবজি বিক্রির উপযোগী করতে না পারলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন বলেন, বর্তমানে মাঠে আমন ধান পেকে গেছে। অনেক কৃষক ধান কেটে ঘরে তুলেছেন, আবার কেউ কেউ কেটে মাঠে রেখেছেন। গত ৩২ ঘণ্টার বৃষ্টিতে মাঠে রাখা ধান ভিজে গেছে। তবে ধানের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকলে তেমন ক্ষতির আশঙ্কা নেই।
তিনি আরও বলেন, সবজির গোড়ায় দীর্ঘসময় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। তাই দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে ফসলের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।