অনিল চন্দ্র রায় :
আর মাত্র তিন দিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের রাসযাত্রা ও রাসমেলা।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডল রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে চতুর্থবারের মতো আট দিনব্যাপী এ উৎসব আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। মন্দির প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজ। উৎসবকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আগামী ২৪ নভেম্বর সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হবে এবং ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
আট দিনব্যাপী রাস উৎসবে থাকছে শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাসলীলা, ভজন-কীর্তন, ধর্মীয় আলোচনা, শ্রীমদ্ভাগবত পাঠ, গীতা পাঠ, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, লীলা-কীর্তন ও নগরকীর্তনসহ নানা ধর্মীয় অনুষ্ঠান। দেশের বিভিন্ন এলাকার খ্যাতনামা কীর্তনীয়া, বেতার ও টেলিভিশন শিল্পীরা এতে অংশ নেবেন।
আয়োজকদের প্রত্যাশা, উৎসবকে কেন্দ্র করে ফুলবাড়ীসহ আশপাশের উপজেলা ও দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে।
যা থাকছে আট দিনের আয়োজন:-
২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাসলীলা ও ভজন-কীর্তনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এতে পরিবেশনা করবে ব্যান্ড রুদ্রাক্ষ। সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ বেতারের শিল্পী নন্দিনী রায়, শ্যামলী রানী রায় ও সুজন চক্রবর্তী।
২৫ নভেম্বর বুধবার সন্ধ্যা আরতি, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা ও নাটক-কীর্তনের আয়োজন রয়েছে। এতে অংশ নেবে স্থানীয় রাইবিনোদিনী সম্প্রদায়।
২৬ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ভক্তিগীতি, ভজন-কীর্তন ও সংগীতানুষ্ঠান। এতে অংশ নেবেন বাংলাদেশ বেতার রংপুরের শিল্পী সুরভী রায় ও শোভা রানী রায় এবং টেলিভিশন শিল্পী ও ম্যাজিক বাউলিয়ানা-২০২২-এর প্রতিযোগী বিজয় পলাশ।
২৭ নভেম্বর শুক্রবার ইসকন আনন্দধারা অনুষ্ঠানে মঙ্গলাচরণ, গুরুবন্দনা, বৈষ্ণব বন্দনা, ভজন-কীর্তন, আরতিকীর্তন, ভাগবতীয় আলোচনা ও নামসংকীর্তন অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক থাকবেন ইসকন বানিয়ারদিঘী, লালমনিরহাটের সভাপতি শ্রীপাদ মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী। বিশেষ আলোচক হিসেবে থাকবেন একই প্রতিষ্ঠানের সম্পাদক শ্রীপাদ পূজ্যচৈতন্য সেবকদাস ব্রহ্মচারী।
২৮ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ভাগবতীয় আলোচনা। এতে আলোচক হিসেবে থাকবেন অ্যাডভোকেট শ্রী ধনপতি রায়। গীতা পাঠ করবেন শ্রী হৃদয় চন্দ্র সরকার এবং অধিবাস কীর্তন পরিবেশন করবেন মনিবালা দাসী।
২৯ নভেম্বর রবিবার থাকছে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। পাশাপাশি নাগেশ্বরীর রায়গঞ্জের কৃষ্ণকাঙ্গাল সম্প্রদায়ের শ্রী ব্রজেন্দ্রনাথ (মাস্টার) রাস পরিবেশন করবেন।
৩০ নভেম্বর সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত অষ্টকালীন লীলা-কীর্তন। এতে অংশ নেবেন যশোরের মণিরামপুরের শ্রী চৈতন্য দাস (উত্তম), বগুড়ার শ্রী দুলাল চন্দ্র মোহন্ত (পাগলা দুলাল), গোরকমণ্ডলের শ্রীমতি জ্যোতিকা রানী ও ঢাকার শ্রীমতি আশা সরকার।
১ ডিসেম্বর মঙ্গলবার নগরকীর্তন, মহন্ত বিদায় ও ভজন-কীর্তনের মধ্য দিয়ে আট দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটবে।
উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বিশিষ্ট ব্যক্তিরা:-
উৎসবের মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও উদ্বোধন করবেন বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরেন্দ্র চন্দ্র গোস্বামী (পল্টু)।
প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও আন্তঃউপজেলা নামযজ্ঞ মহোৎসব উদ্যাপন পর্ষদের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র সরকার।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন নাওডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শ্রী শ্যামল চন্দ্র মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তঃ উপজেলা মহানামযজ্ঞ পর্ষদ ফুলবাড়ী শাখার সভাপতি শ্রী শুশীল চন্দ্র রায়,
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি শ্রী সুনীল চন্দ্র রায়, সংগঠনটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক অনীল চন্দ্র রায়, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়, সাইফুর রহমান সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক শংকর কুমার সেন, অগ্রণী ব্যাংক পিএলসির নাগেশ্বরী শাখার ব্যবস্থাপক পবিত্র কুমার বিশ্বাস, উত্তর শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হৃদয় রঞ্জন বর্মা এবং লালমনিরহাটের সাংবাদিক এস দিলীপ রায়।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানান, বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগমের বিষয়টি বিবেচনায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তারা।
আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, আনন্দ ও সম্প্রীতির মেলবন্ধনে গোরকমণ্ডলের এ রাসমেলা পরিণত হবে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ ধর্মীয় মিলনমেলায়।
রাসমেলা আয়োজক কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মণ্ডল, সভাপতি গৌরাঙ্গ কৃষ্ণ বিশ্বাস ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র বিশ্বাস জানান, এবার চতুর্থবারের মতো রাসমেলার আয়োজন করা হচ্ছে। হাতে সময় খুব কম থাকলেও মেলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে মেলাপ্রাঙ্গণে আলোকসজ্জা ও প্রতিমা তৈরির কাজ শেষের দিকে। প্রতিবছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে আট দিনব্যাপী রাসমেলা উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করেন তাঁরা।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চন্দ্র রায় জানান, টানা তিন বছর ধরে বর্ণাঢ্য আয়োজনে গোরকমণ্ডল রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। চতুর্থ বছরেও উৎসবটি আরও বর্ণিল ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জানান, গত বছরের ধারাবাহিকতায় আগামী ২৪ নভেম্বর থেকে গোরকমণ্ডল রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাসমেলা শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে মেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে মানুষের মুখে মুখে। আট দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, রাসমেলা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা প্রশাসন ও ফুলবাড়ী থানাকে আয়োজক কমিটির পক্ষ থেকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। মেলা শুরু থেকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ নজরদারি থাকবে বলে আশা করছেন আয়োজকেরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান জানান, রাসমেলা উদ্যাপন কমিটি সরকারি বরাদ্দের জন্য আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সুপারিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া আট দিনব্যাপী রাসমেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।