অনিল চন্দ্র রায় :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের রাসযাত্রা ও রাসমেলা। এ উপলক্ষে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডল রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে চতুর্থবারের মতো আট দিনব্যাপী এ উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাস উৎসবকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। মন্দির প্রাঙ্গণজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্ণিল সাজসজ্জায় সাজানো হয়েছে উৎসবস্থল।
আয়োজক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রাসযাত্রা ও রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আট দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।
যেভাবে যাবেন রাসমেলা প্রাঙ্গণে
ফুলবাড়ী উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তরে নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার। সেখান থেকে পশ্চিম দিকে গেলেই গোরকমণ্ডল রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে রাসমেলার উৎসবস্থল। স্থানীয় যানবাহনে সহজেই সেখানে যাওয়া যাবে।
আট দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে উৎসবস্থলে ভক্ত, দর্শনার্থী ও বিভিন্ন এলাকার মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।