কুড়িগ্রামের চরে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
কুড়িগ্রামের চরে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
কুড়িগ্রামের চরে জমি দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১
কুড়িগ্রাম প্রতিনিধি : ১ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হুরমুজ আলী (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের সময় একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হুরমুজ আলী ওই এলাকার বাসিন্দা এবং তিনি স্থানীয় সেলিম মেম্বারের পক্ষের লোক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ারহাট ইউনিয়নের সেলিম মেম্বার ও তোতা মিয়ার পক্ষের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে। সম্প্রতি একটি মামলায় সেলিম মেম্বারের পক্ষে রায় হয়। এর পর বৃহস্পতিবার সকালে সেলিম মেম্বারের লোকজন বিরোধপূর্ণ জমি দখলে নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
স্থানীয়দের দাবি, এ সময় তোতা মিয়ার পক্ষ ট্রাক্টর ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষের একপর্যায়ে হুরমুজ আলী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় রাজা মিয়া, তারিফুল ও শহিদ মিয়াসহ উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নয়ারহাট ইউনিয়নের গ্রাম পুলিশ শ্রী গোবিন্দ বলেন, “দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।”
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, “ঘটনাস্থলে আছি। নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।”