কুড়িগ্রামে জমে উঠেছে ফুটবলের লড়াই, উদ্বোধনী ম্যাচে সদরের রোমাঞ্চকর জয়
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
কুড়িগ্রামে জমে উঠেছে ফুটবলের লড়াই, উদ্বোধনী ম্যাচে সদরের রোমাঞ্চকর জয়
শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম : ০১ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচেই দেখা মেলে টানটান উত্তেজনার। নাগেশ্বরী উপজেলা ক্রীড়া সংস্থাকে ট্রাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করেছে কুড়িগ্রাম সদর উপজেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান বিশ্বে খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সম্ভাবনাময় একটি পেশা ও অর্থনৈতিক খাত।
বিশ্ব ফুটবলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে একজন খেলোয়াড়ের জন্য আন্তর্জাতিক পর্যায়ে বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়। তরুণদের খেলাধুলাকে ভবিষ্যৎ পেশা হিসেবে নেওয়ার সুযোগ সৃষ্টি করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবুসহ অন্যরা।
উদ্বোধনী ম্যাচ ঘিরে জেলা স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। নির্ধারিত সময়ে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোনো দলই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানেও চলে রোমাঞ্চকর লড়াই। শেষ পর্যন্ত ৮-৭ গোলের ব্যবধানে নাগেশ্বরীকে হারিয়ে জয় তুলে নেয় কুড়িগ্রাম সদর উপজেলা।
আয়োজকেরা জানান, জেলার তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় ফুটবলের হারানো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এবারের আসরে জেলার নয়টি উপজেলা ও কুড়িগ্রাম পৌরসভা ক্রীড়া সংস্থাসহ মোট ১০টি দল অংশ নিচ্ছে।