পঞ্চগড় সীমান্তে পুশইন হওয়া ছয়জনকে বাস কাউন্টার থেকে আটক
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
পঞ্চগড় সীমান্তে পুশইন হওয়া ছয়জনকে বাস কাউন্টার থেকে আটক। ছবি-সংগৃহীত
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইন হওয়ার পর নিজ নিজ এলাকায় ফেরার পথে ছয়জনকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পঞ্চগড় শহরের শ্যামলী বাস কাউন্টার থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। পরে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। তারা সুনামগঞ্জ ও সিলেট জেলার বাসিন্দা।
আটক ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জের বাচ্চু মিয়া (৫৯), তাঁর স্ত্রী আমিনা বেগম (৫৫), মেয়ে দিলারা বেগম (২৮), সিলেটের মফিজ আলী (২৫), সুনামগঞ্জের সুমন (২০) ও সজিব মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভারত থেকে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করার পর তারা পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কসংলগ্ন শ্যামলী কাউন্টারে অবস্থান নেন। সুনামগঞ্জ ও সিলেটে যাওয়ার জন্য বাসের টিকিট কাটতে গেলে কাউন্টার কর্তৃপক্ষের কাছে তারা জানান, ভারত থেকে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠিয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিদের দাবি, তারা গত পাঁচ বছর ধরে ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থান করে বিভিন্ন কাজ করছিলেন। গত ৪ এপ্রিল ভারতীয় পুলিশ তাদের আটক করে। কারাগার থেকে মুক্তির পর সোমবার বিকেলে কাশ্মীর থেকে তাদের সঙ্গে আরও প্রায় ১৫০ জনকে বিমানে করে ভারতের বাগডোগরা বিমানবন্দরে নেওয়া হয়। পরে তাদের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর জন্য বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। সোমবার গভীর রাতে পঞ্চগড়ের বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয় বলে দাবি করেন তারা।
এ ব্যাপারে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। তবে পঞ্চগড় শহরে ছয়জন পুশইন হয়ে আটক হওয়ার বিষয়টি তিনি অবগত নন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশীষ কুমার শীল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শ্যামলী কাউন্টারে পুলিশ পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।