প্রখ্যাত ঢোল বাদক নিহার রঞ্জন বর্মার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোক
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
প্রখ্যাত ঢোল বাদক নিহার রঞ্জন বর্মার ফাইল ছবি
ধরলা পোস্ট :
বাংলার লোকসংগীতের প্রখ্যাত ঢোল বাদক ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাসিন্দা নিহার রঞ্জন বর্মার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
নিহার রঞ্জন বর্মা দীর্ঘদিন ধরে ঢোলের মায়াবী সুরে বাংলার লোকসংগীতকে সমৃদ্ধ করেছেন। তাঁর অনন্য বাদনশৈলী ও সুরের মূর্ছনায় অসংখ্য মানুষের হৃদয়ে সৃষ্টি হয়েছে আনন্দ ও আবেগের আবহ। সংগীতের প্রতি গভীর নিষ্ঠা, সাধনা ও ভালোবাসার মাধ্যমে তিনি নিজেকে একজন নিবেদিতপ্রাণ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।
দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অসুস্থতার সঙ্গে লড়াই করেও সংগীতের প্রতি তাঁর ভালোবাসা ও সাধনা অব্যাহত ছিল। তাঁর মৃত্যুতে লোকসংগীতের অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
তাঁর মৃত্যুতে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিল্পী, সংগঠক ও সংস্কৃতিপ্রেমীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেন, নিহার রঞ্জন বর্মার মতো একজন গুণী, নিবেদিতপ্রাণ ও প্রতিভাবান শিল্পীর প্রয়াণ সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর শিল্পকর্ম, বাদনশৈলী ও দীর্ঘদিনের সংগীতসাধনা ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়াত এই শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।