জামালপুরে প্রতারণার ফাঁদ: ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালালেন মসজিদের খতিব
নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট ডেস্ক: জামালপুরের মেলান্দহ উপজেলায় ঐতিহ্যবাহী মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মিজানুর রহমানের (৩৮) বিরুদ্ধে অভিনব কায়দায় প্রতারণা করে স্থানীয়দের প্রায় ১৫ লাখ টাকা নিয়ে সপরিবারে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ইমামের এমন হঠাৎ উধাও হয়ে যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভুক্তভোগীদের পক্ষে মসজিদের মক্তব শিক্ষক মাওলানা জোবায়ের (৩০) মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মসজিদের সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ হোসেন ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, অভিযুক্ত মিজানুর রহমানের নিজ বাড়ি ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর ফরিদাবাদ এলাকায়। মাত্র তিন মাস আগে মাসিক ৪০ হাজার টাকা সম্মানির চুক্তিতে তিনি মালঞ্চ কেন্দ্রীয় মসজিদে যোগদান করেন। যোগদানের পর থেকে মসজিদের নির্ধারিত বাসস্থানেই পরিবার নিয়ে থাকতেন তিনি।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) ওই ইমাম স্থানীয় ১৪ থেকে ১৫ জন মুসল্লির কাছে জানান যে, হংকং থেকে তার এক আত্মীয় স্বর্ণ পাঠিয়েছেন এবং বিমানবন্দর থেকে তা ছাড়িয়ে আনতে জরুরিভিত্তিতে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন। এই অজুহাতে তিনি সরলমনা মুসল্লিদের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা ধার নেন। কিন্তু সেদিন রাতেই তিনি সপরিবারে নিখোঁজ হন। পরবর্তীতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। কোনোভাবেই তার সন্ধান না পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম হক বলেন, মালঞ্চ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিবের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।