advertisement
advertisement

শনির উপগ্রহ এনসেলাডাসে প্রাণের অনুকূল পরিবেশের সন্ধান


ধরলা পোস্ট বাংলা | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
শনির উপগ্রহ এনসেলাডাসে প্রাণের অনুকূল পরিবেশের সন্ধান

শনি গ্রহ

advertisement

শনির বরফে ঢাকা উপগ্রহ এনসেলাডাসের ভূগর্ভস্থ মহাসাগরে অতি ক্ষুদ্র জীবাণু বেঁচে থাকতে পারে বলে জানিয়েছেন জার্মানির ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিনের গবেষকরা। গবেষণাগারে ওই উপগ্রহের সমুদ্রের তলদেশের মতো কৃত্রিম পরিবেশ তৈরি করে বিজ্ঞানীরা পরীক্ষা চালান। এতে দেখা যায়, কিছু বিশেষ ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়াই হাইড্রোজেন ও কার্বন ডাই–অক্সাইড কাজে লাগিয়ে চরম প্রতিকূল পরিস্থিতিতেও প্রত্যাশার চেয়ে ভালোভাবে টিকে থাকতে পারে।

বিজ্ঞানী নোজাইর খাওয়াজা জানান, ৫০০ কিলোমিটার ব্যাসবিশিষ্ট এনসেলাডাসের উপরিভাগের তাপমাত্রা মাইনাস ২০১ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও এর পাথুরে কেন্দ্রের ভূ-উত্তাপের কারণে বরফের নিচে তরল পানির সাগর রয়েছে। উপগ্রহটির দক্ষিণ মেরুর ফাটল দিয়ে নির্গত পানির ফোয়ারা থেকে অতীতে নাসার ক্যাসিনি মহাকাশযান বিভিন্ন রাসায়নিক উপাদান সংগ্রহ করেছিল।

গবেষক ফ্রাংক পোস্টবার্গ উল্লেখ করেছেন, আদিম পৃথিবীতে অক্সিজেনের অনুপস্থিতিতে যেভাবে জীবাণুর বিকাশ ঘটেছিল, এনসেলাডাসের পরিবেশও তেমনি। উপগ্রহটিতে সরাসরি প্রাণের সন্ধান এখনো নিশ্চিত না হলেও, সেখানে জীবন ধারণের উপযোগী পরিবেশ বিদ্যমান রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর