ফুলবাড়ী ও হাতীবাজার ১৫ বিজিবির পৃথক অভিযানে গাজা ইস্কাপসহ ও মোটরসাইকেল জব্দ
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
অসীম কুমার রায়,ধরলা পোস্ট : ৫ অক্টোবর ২০২৬
কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২১ কেজি ভারতীয় গাঁজা, ৭২ বোতল ইস্কাপ সিরাপ এবং মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর রাত ১টা ১৫ মিনিটে গোড়কমন্ডল বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল শয়তানের মোড় এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির টহলদল। এ সময় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে আসতে দেখে ধাওয়া করলে তারা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
একই দিন রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকায় বনচৌকি বিওপির টহলদল আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৭২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং মাদক বহনে ব্যবহৃত একটি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
জব্দ করা ২১ কেজি গাঁজার সিজার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা, ৭২ বোতল ইস্কাপ সিরাপের মূল্য ২৮ হাজার ৮০০ টাকা এবং মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য ২ লাখ ৮৭ হাজার ৩০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, চোরাচালান, মাদকপাচার ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।