advertisement
advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জঙ্গল থেকে তিন নারীসহ আটক পাঁচ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জঙ্গল থেকে তিন নারীসহ আটক পাঁচ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জঙ্গল থেকে তিন নারীসহ আটক পাঁচ

advertisement


ধরলা পোস্ট ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তিন নারীসহ পাঁচ বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৭ অক্টোবর) ভোরে বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার (ডব্লিউআরসি) সংলগ্ন জঙ্গল এলাকা থেকে তাদের আটক করা হয়।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, তারা গাজীপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে চালকের ভাড়া না দিয়ে ভেতরে চলে যান। রাত ৩টার দিকে তাদের ডেইরি গেট থেকে মসজিদের পাশ দিয়ে দৌড়ে যেতে দেখা যায়। পরে ভোরে ডব্লিউআরসি সংলগ্ন জঙ্গল থেকে বের হওয়ার সময় তাদের আটক করা হয়।

আটকের পর পরিচয় ও ক্যাম্পাসে অবস্থানের কারণ জানতে চাইলে তাদের বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায় বলে শিক্ষার্থীরা জানান। তাদের ব্যাগ তল্লাশিতে জন্মনিয়ন্ত্রক ট্যাবলেট পাওয়া যায় বলেও দাবি করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পোশাককর্মী বলে পরিচয় দেন।

প্রত্যক্ষদর্শী ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের ইসলাম জানান, প্রধান ফটকের নিরাপত্তারক্ষীর সন্দেহের পর শিক্ষার্থীরা বিষয়টি নজরে আনেন এবং পরে পাঁচ বহিরাগতকে আটক করেন।

আটক ব্যক্তিদের একজন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার খান শুভর স্কুলজীবনের বন্ধু। শাহরিয়ার জানান, ওই ব্যক্তি বর্তমানে বাংলাদেশ পর্যটন করপোরেশনে কর্মরত এবং রাতে মহাখালীর একটি ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ শেষে ডেইরি গেটে আসার কথা তাকে জানিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি ওই ব্যক্তিকে তিন নারীর সঙ্গে দেখতে পান এবং ক্যাম্পাসের নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ভোর ৪টার দিকে তিন নারী ও দুই পুরুষসহ পাঁচ বহিরাগতকে আটক করা হয়। তাদের অবস্থান অননুমোদিত ও সন্দেহজনক হওয়ায় অধিকতর তদন্তের জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। আটক পাঁচজনকে থানায় আনা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা থানায় উপস্থিত হলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর