খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা। ছবি: সংগৃহীত
খুলনায় রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা
ধরলা পোস্ট ডেস্ক:
১০ অক্টোবর ২০২৬
খুলনায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ বিভিন্ন দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপারের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় খুলনার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ কারণে রাতে বিশেষ অভিযান কিংবা অন্য কোনো দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা যাতে একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে ইউনিটপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনার অনুলিপি অতিরিক্ত পুলিশ সুপারদের বিভিন্ন শাখা, সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস, কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট দপ্তর ও থানায় পাঠানো হয়েছে।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। এ ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তা বিবেচনায় রাতের বেলায় একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩) ধারালো চাপাতির আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধরলা পোস্ট ডেস্ক