ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দলটি। আজ মঙ্গলবার দলের সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।আজ মঙ্গলবার প্রথম আলোতে ‘মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, দখলে রাখেন তিন এলাকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, মালয়েশিয়ায় থেকে মামুন মিরপুরে একটি বাহিনী নিয়ন্ত্রণ করেন। দেশে তাঁর দুই ভাই জামিল রহমান ও মশিউর রহমান বাহিনী পরিচালনা করেন।
তাঁদের বিরুদ্ধে মিরপুরের পল্লবী, মিরপুর ১২, সাগুফতা ও বাউনিয়া এলাকার চাঁদাবাজি, ঝুট ব্যবসা, জমি দখল ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে ‘মামুন বাহিনী’র নামে মানুষের জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ঝুট ব্যবসা, কেব্ল টেলিভিশন (ডিশ) ও ইন্টারনেট সংযোগ ব্যবসা নিয়ন্ত্রণ, অবৈধ বস্তির ঘর থেকে ভাড়া আদায়সহ নানা অপরাধের অভিযোগ আসছে।পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, বিদেশে থাকা চারজন ‘সন্ত্রাসী’ মিলে মিরপুরে ‘ফোর স্টার গ্রুপ’ বা চারটি বাহিনী পরিচালনা করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।