advertisement
advertisement

সিএনজি চলাচলের দাবিতে কুড়িগ্রামে চালকদের অবরোধ, তিন সড়কে যানজট


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
সিএনজি চলাচলের দাবিতে কুড়িগ্রামে চালকদের অবরোধ, তিন সড়কে যানজট

advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা, নির্ধারিত স্ট্যান্ড স্থাপন এবং চালক-যাত্রীদের নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ করেছেন সিএনজি চালকেরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের শাপলা চত্বরে অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন চালকেরা।
অবরোধের কারণে কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম-উলিপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তিন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
অবরোধে অংশ নেওয়া চালক ও শ্রমিক নেতারা অভিযোগ করেন, জেলার বিভিন্ন সড়কে সিএনজি থেকে যাত্রী নামিয়ে অন্য যানবাহনে তুলে দেওয়া হচ্ছে। এ ছাড়া চালকদের কাছ থেকে টাকা নেওয়া, বাধা দেওয়া ও প্রতিবাদ করলে মারধরের মতো ঘটনাও ঘটছে। এতে তাঁরা আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তাঁদের দাবি, কোনো ধরনের বাধা ও হয়রানি ছাড়াই জেলার সব সড়কে সিএনজি চলাচলের অনুমতি দিতে হবে। পাশাপাশি সিএনজির জন্য নির্ধারিত স্ট্যান্ড স্থাপন এবং চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে কুড়িগ্রাম জেলা সিএনজি মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুম মিয়া, সাধারণ সম্পাদক রুস্তম আলী, লালমনিরহাট জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, তিস্তা সিএনজি মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মিলন আহমেদ, সাধারণ সম্পাদক তোজাম্মেল হক, ফুলবাড়ী উপজেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদসহ বিভিন্ন এলাকার নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টা সিএনজি চলাচলের বিষয়ে কার্যকর নিশ্চয়তা দিতে হবে। ভবিষ্যতে কোনো চালককে হয়রানি, মারধর কিংবা তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে জেলার সব সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।
পরে কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের অভিযোগ শুনে ভবিষ্যতে কোনো ধরনের হয়রানি হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পুলিশের আশ্বাসে চালকেরা অবরোধ প্রত্যাহার করলে দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি কামাল হোসেন বলেন, “বিষয়টি আগে আমি জানতাম না, আজই প্রথম জানতে পেরেছি। সিএনজি চালকদের কেউ হয়রানি করতে পারবে না। কেউ হয়রানি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর