advertisement
advertisement

ফুলবাড়ীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার, কারাগারে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
ফুলবাড়ীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার, কারাগারে

advertisement
ধরলা পোস্ট প্রতিবেদক : 
দিনাজপুরের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ইফতিয়ার আহমেদ জোবায়ের (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হাকিমপুর উপজেলার এক তরুণীর সঙ্গে জোবায়েরের প্রায় ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে নিজের পরিবারের সম্মতির কথা জানান তিনি। পাশাপাশি বিয়ের প্রস্তুতি নেওয়ার কথাও বলেন।
অভিযোগে বলা হয়, গত ৫ অক্টোবর বিকেলে জোবায়ের তার বাবা-মাকে সঙ্গে নিয়ে ওই তরুণীকে ফুলবাড়ী উপজেলার রাজারামপুর চৌধুরীপাড়া এলাকায় নিজেদের বাড়িতে নিয়ে যান। সেখানে রাতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরদিন সকালে তরুণী বিষয়টি জোবায়েরের বাবা-মাকে জানালে তাঁরা দ্রুত বিয়ের ব্যবস্থা করার আশ্বাস দেন। পরে জোবায়ের ওই তরুণীকে তাঁর বাড়িতে পৌঁছে দিলেও পরবর্তী সময়ে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর জোবায়ের ওই তরুণীকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। এ বিষয়ে জানতে চাইলে তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে জোবায়েরের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেও বিয়ের বিষয়ে সম্মতি পাওয়া যায়নি বলে দাবি করেন ওই তরুণী।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জোবায়েরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে তাঁকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জোবায়েরের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর