সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, মন্তব্য স্পিকারের
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
ধরলা পোস্ট ডেস্ক:
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন। আর সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরা নেতৃত্বে চলে আসেন। ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
তিনি বলেন, সংসদে রাজনীতি করার মতো উপযুক্ত পরিবেশ এখনো গড়ে ওঠেনি। তবে ভবিষ্যতে দেশে এমন পরিস্থিতি থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন। আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশ ওই দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আল্লাহর রহমতে আগামী দিনে দেশে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ নিয়েও বক্তব্য দেন স্পিকার। তাঁর দাবি, যুক্তরাজ্যে জাবেদের প্রায় ৪০০টি বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার এসব বাড়ির অবস্থান উল্লেখ করে চিঠি দেওয়ার পর ব্রিটিশ সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
হাফিজ উদ্দিন আহমদ আরও দাবি করেন, জাবেদের দুবাইয়ে ১০০টি, যুক্তরাষ্ট্রে প্রায় ৫০টি এবং কানাডায় ৩০ থেকে ৪০টি বাড়ি রয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের অর্থ লুট করে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
স্পিকার বলেন, আওয়ামী লীগ টানা ১৭ বছর ক্ষমতায় থাকাকালে দলটির অনেক নেতাকর্মী বিপুল সম্পদের মালিক হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলের যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে অনেক সম্পদ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
কানাডার বেগমপাড়ায় লুটপাটের অর্থে সম্পদ গড়ে তোলার অভিযোগ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, কয়েকটি রাজনৈতিক দল সাধারণ মানুষের সম্পদ লুট করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে।