শারদীয় দুর্গোৎসবে মুক্তির তালিকায় ৩ সিনেমা
বিনোদন Desk, ধরলা পোস্ট: বর্তমানে ঢালিউডে শুধুমাত্র তারকানির্ভরতার সংস্কৃতি পেছনে ফেলে দর্শক টানতে জোর দেওয়া হচ্ছে গল্প, অভিনয় ও আধুনিক নির্মাণের ওপর। সেই ধারাবাহিকতায় আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ভিন্ন স্বাদের তিনটি নতুন সিনেমা—‘স্নেহের বন্ধন’, ‘কাটপিস’ ও ‘চিরকুট’।
কামরুজ্জামান পরিচালিত পারিবারিক ও বাণিজ্যিক ধারার সিনেমা ‘স্নেহের বন্ধন’-এ জুটি বেঁধেছেন জয় চৌধুরী ও মৌ খান। উৎসবকে কেন্দ্র করে সিনেমাটি মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, ঈদ ছাড়া সিনেমা মুক্তি দেওয়া বড় সাহসের বিষয় এবং তাঁর প্রযোজক সেই সাহসিকতার পরিচয় দিয়েছেন।
অন্যদিকে, পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ক্ষমতা, আধিপত্য, রাজনীতি ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে গড়ে উঠেছে ইফফাত জাহান মম পরিচালিত ও প্রযোজিত সিনেমা ‘কাটপিস’। ইতিমধ্যে প্রকাশিত আইটেম গানের মাধ্যমে আলোচনায় আসা এই সিনেমায় অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির ও এলিনা শাম্মী। ১৬ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
একই দিনে শুধু দেশের সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তির অপেক্ষায় রয়েছে মুনতাসির আকিব পরিচালিত সিনেমা ‘চিরকুট’। নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সত্য ঘটনা, তারুণ্যের নস্টালজিয়া, প্রেম ও বন্ধুত্বের আবেগ নিয়ে নির্মিত এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করেছেন শ্যামল মাওলা, আজিজুন মীম, কাজী নওশাবা আহমেদ, সুমন পাটোয়ারীসহ একঝাঁক অভিনয়শিল্পী। পরিচালক আকিব আশাবাদ ব্যক্ত করেন, দর্শক সিনেমাটির মাধ্যমে নব্বইয়ের দশকের সেই সময়টিকে গভীরভাবে অনুভব করতে পারবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।