advertisement
advertisement

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

advertisement

নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট ডেস্ক: বাংলাদেশে বিদ্যমান অর্থনৈতিক কার্যক্রম ও ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি সার, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অটোমোবাইল ও জাহাজ পুনর্ব্যবহারের মতো উদীয়মান খাতগুলোতে নতুন বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে জাপানের বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। বাংলাদেশে জাপানি বিনিয়োগ সহজ করতে ও ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সব ধরনের নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাইউকি ওমোতোর নেতৃত্বাধীন এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করা, প্রশাসনিক জটিলতা দূর করা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। বাংলাদেশে উৎপাদনমুখী শিল্পের বিকাশে জাপানের উন্নত প্রযুক্তি, অভিজ্ঞতা ও মূলধন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বিশেষ করে তুলা, ভিসকস ও পলিয়েস্টারের সঙ্গে পাটের আঁশ মিশিয়ে বহুমুখী পণ্য উৎপাদন, উন্নত বীজ গবেষণা এবং টেকসই অটোমোবাইল ও জাহাজ পুনর্ব্যবহার প্রযুক্তিতে যৌথ বিনিয়োগের সুনির্দিষ্ট সুযোগের কথা তুলে ধরেন। এ ছাড়া অর্থনৈতিক অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও মুনাফা বা মূলধন প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোকপাত করা হয়।

মারুবেনি করপোরেশনের সিইও মাসাইউকি ওমোতো চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) আধুনিকায়ন, প্রাকৃতিক গ্যাসের কার্যকর ব্যবহার ও নতুন ডিএপি এবং টিএসপি সার কারখানায় বিনিয়োগে তাদের আগ্রহের কথা জানান। পাশাপাশি বিজেআইটির মাধ্যমে শত শত বাংলাদেশি আইটি প্রকৌশলী আন্তর্জাতিক বাজারে সেবা দেওয়ার তথ্য উল্লেখ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইটি অফশোরিং সেবা বৃদ্ধিতে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ-জাপান সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) দ্রুত বাস্তবায়নের গুরুত্ব পুনর্ব্যক্ত করে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর