মাদক নির্মূলে পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান আটক ৬
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
ধরলা পোস্ট ডেস্ক:
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন একটি বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রতিমন্ত্রীর হাতে একটি পিস্তল দেখা যায়, যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা।
ইশরাক হোসেন নিজের ফেসবুক পেজে অভিযানের দুটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে মাদক বিক্রির স্থান উচ্ছেদের পর আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তরের কথা বলতে শোনা যায়। অন্য একটি ভিডিওতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে পুলিশকে নিয়ে যেতে দেখা গেছে।
ভিডিওতে প্রতিমন্ত্রীর হাতে পিস্তল দেখা গেলেও অস্ত্রটির কিছু অংশ ঝাপসা থাকায় সেটির ধরন নিশ্চিত হওয়া যায়নি। অভিযানের সময় তার হাতে অস্ত্র থাকার কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রতিমন্ত্রীর মিডিয়া সেলের পাঠানো এক বার্তায় জানানো হয়, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে স্থানীয়দের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, তার নির্বাচনী এলাকায় মাদক ব্যবসায় জড়িতদের কোনো জায়গা হবে না। অপরাধের সঙ্গে যে দলের লোকই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মাদকাসক্তির কারণে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গত ছয় মাস ধরে গোয়েন্দাদের মাধ্যমে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এলাকায় বাইরে থেকে মাদক সরবরাহকারীদের শনাক্ত করতে স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন তিনি।
আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে প্রতিমন্ত্রী বলেন, কাউকে মারধর করার জন্য তারা অভিযান চালাননি। আটক ব্যক্তিদের থানায় নেওয়া হবে এবং আইন অনুযায়ী বিচার ও শাস্তির ব্যবস্থা করা হবে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ছয়জনকে আটক করার পর থানায় ফোন করেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে সাদা পাউডারজাতীয় পদার্থ উদ্ধার করা হয়েছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
সূত্র: কালবেলা অনলাইন