পূজা দেখতে যাওয়া হলো না দুই শিশুর, সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের ছেলে-মেয়ের মর্মান্তিক মৃত্যু
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
ফাইল -ছবি
ধরলা পোস্ট অনলাইন মাল্টিমিডিয়া :
বাবা-মায়ের সঙ্গে দুর্গাপূজা দেখতে বেরিয়ে আর ফেরা হলো না যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক সাধন কুমারের দুই শিশু সন্তানের। যশোর-ছুটিপুর সড়কে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যান ও গরু বহনকারী নসিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে তারা। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নসিমনের চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।
নিহত দুই শিশু হলো ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজার মণ্ডপ দেখতে বের হয়েছিলেন শিক্ষক সাধন কুমার। পথে যশোর-ছুটিপুর সড়কের ফুলতলা এলাকায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যান ও গরু বহনকারী নসিমনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মর্মান্তিকভাবে প্রাণ হারায় তাঁর দুই সন্তান। আনন্দঘন পূজা উদ্যাপনের প্রত্যাশা মুহূর্তেই রূপ নেয় শোক ও বেদনায়।
এ ঘটনায় শোকাহত পরিবার-পরিজন ও স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।