advertisement
advertisement

ফুলবাড়ীতে চায়না দুয়ারী জালে ধরা পড়ল ১৪ ফুটের অজগর, দেখতে জনতার ভিড়


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
ফুলবাড়ীতে চায়না দুয়ারী জালে ধরা পড়ল ১৪ ফুটের অজগর, দেখতে জনতার ভিড়

ফুলবাড়ীতে চায়না দুয়ারী জালে ধরা পড়ল ১৪ ফুটের অজগর, দেখতে জনতার ভিড়

advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি, ধরলা পোস্ট: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাছ ধরার চায়না দুয়ারী রিং জালে আটকা পড়েছে বিশাল আকৃতির একটি অজগর সাপ।
​রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজারসংলগ্ন ধরলা নদীর কাছের একটি বিলে পেতে রাখা জালে সাপটি ধরা পড়ে। প্রায় ১৩ থেকে ১৪ ফুট দীর্ঘ এই অজগরটি দেখতে ঘটনাস্থল ও স্থানীয় জেলের বাড়িতে ভিড় জমিয়েছেন শত শত উৎসুক নারী-পুরুষ। অনেকে সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
​স্থানীয় সূত্র ও প্রবীণ বাসিন্দারা জানান, শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকার অধিবাসী কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ধরলা নদীর শাখা বিলটিতে নিয়মিত চায়না দুয়ারী রিং জাল দিয়ে মাছ শিকার করে আসছেন। রোববার দুপুরে তিনি প্রতিদিনের মতো বিলের জাল তুলতে গিয়ে সেখানে একটি দানবাকৃতির অজগর পেঁচিয়ে থাকতে দেখেন। পরে ভয়ে ও বিস্ময়ে আশপাশের অন্য জেলেদের ডেকে এনে তাঁদের সহযোগিতায় জালসহ জীবিত সাপটিকে নিজ বাড়িতে নিয়ে আসেন।
​অজগর ধরা পড়ার খবর মুহূর্তে পুরো এলাকায় ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে মানুষ একনজর দেখতে সোবহানের বাড়িতে ভিড় করেন। সাপটি দেখতে আসা স্থানীয় বাসিন্দা জগবন্ধু রায় ও হাবিবুর জানান, অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৩ থেকে ১৪ ফুট হতে পারে এবং এটি বেশ প্রাণবন্ত ও সুস্থ রয়েছে।
​স্থানীয় অধিবাসীদের ধারণা, আন্তর্জাতিক সীমান্ত সন্নিকটে হওয়ায় সাম্প্রতিক উজানের ঢলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গিদালদহ সীমান্ত এলাকা পার হয়ে ধরলা নদীর নদীপথ ধরে সাপটি হয়তো বাংলাদেশে চলে এসেছে। তবে সাপটির সঠিক উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
​বিষয়টি নিশ্চিত করে শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, বিশাল আকারের অজগরটি নিরাপদে উদ্ধার করে বনাঞ্চলে অবমুক্ত করার জন্য উপজেলা প্রশাসন ও বন বিভাগকে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয়েছে। যতদূর জানা গেছে, সোমবার সকালে রংপুর থেকে বিশেষজ্ঞ টিম ও বন্যপ্রাণী উদ্ধারকারী দল এসে অজগরটিকে নিরাপদ স্থানে সংরক্ষণের দায়িত্ব নেবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর